শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০১ জনে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে মোট ৮৫ জন রোগী সুস্থ হলেন। ২০ এপ্রিল সোমবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

বুলেটিনে ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য তুলে ধরেন। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
নাসিমা সুলতানা বলেন, গতকালের তুলনায় আজকে শনাক্ত অনেক বেশি। মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন নারী ২ জন। ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন। গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।




















