স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সার্বিক অবস্থা সামাল দিতে শেরপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ময়মনসিংহ ও জামালপুর জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধে ওই লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এদিন রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই লকডাউন কার্যকর থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে। এদিকে শুক্রবার জেলায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামের বাসিন্দা (৪৫)। ওই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।
এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া, তার সংস্পর্শে আসা নাতি (১০), ঝিনাইগাতী উপজেলার নয়াগাও গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক (৪০) এবং সদর উপজেলার ছনকান্দা গ্রামের এক ইজিবাইক চালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৫ জনে। এরা সবাই জেলা সদর হাসপাতালের নতুন ভবনের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।









