শ্যামলবাংলা ডেস্ক : পরীক্ষার পরিধি বাড়ানোর পর বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস বা কভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ জনে পৌঁছাল। এছাড়া আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছাল। ৫ এপ্রিল রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই তথ্য জানান।

এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে মোট ৩৩ জন বাড়ি ফিরলেন।




















