নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর শ্লীলতাহানীর চেষ্টা করার অভিযোগে কাজিমদ্দিন (৪০) নামে এক অটোরিক্সা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির পিতা। ১৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলার শেকেরকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার শেকেরকুড়া গ্রামে অটোরিক্সা চালক কাজিমদ্দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধূলা করতে থাকা অবস্থায় একই গ্রামের প্রতিবেশির ৬ বছর বয়সী কন্যা শিশুকে ডেকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুর শরীরের স্পর্শকাতর অঙ্গে কামড় দেয়। এতে শিশুটি চিৎকার করলে অন্য শিশুরা তখন দৌড়ে চলে যায়। ওইসময় কাজিমদ্দিনও কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করে শিশুটির পিতা বাদী হয়ে রবিবার রাতেই নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুতই আসামিকে গ্রেফতার করতে পারবো।









