নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নীতিমালা লংঙ্ঘন করে অবৈধভাবে ভোগাই নদীর পাড় ভেঙে ও গর্ত করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩৫টি শ্যালোইঞ্জিনচালিত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ভোগাই নদীর নাকুগাঁও চারআলী ব্রিজের নিচে, তৎসংলগ্ন গুচ্ছগ্রাম ও স্থলবন্দর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সংলগ্নস্থানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন।

অভিযানকালে সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৫টি শ্যালোইঞ্জিনচালিত মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর জেলা প্রশাসকের নির্দেশে পরিবেশ ও নদীর তীর রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









