নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে অষ্টম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে নিয়মিত উত্যক্ত করার অভিযোগে তফির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৯ নভেম্বর রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন ওই দণ্ড প্রদান করেন।

জানা যায়, নালিতাবাড়ী শহরের গড়াকান্দা মহল্লার বাসিন্দা ও চা বিক্রেতা তফির উদ্দিন প্রতিবেশি এক কিশোরী ও গড়কান্দা পৌর মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই কু-প্রস্তাব দিত। একপর্যায়ে বাধ্য হয়ে ওই কিশোরী রবিবার উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাক্ষপ্রমাণের ভিত্তিতে উত্যক্তকারী বৃদ্ধকে ওই সাজা দেন।









