স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সকালে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী জেলা ও দায়রা জজকে বারের তরফ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা বিচারকদের নৈতিক দায়িত্ব। সদিচ্ছা থাকলে তা নিশ্চিত করা কোনোমতেই কঠিন হয়ে উঠে না। বিচারক হিসেবে কর্মকালীন সময়ে আমি সেই সদিচ্ছা নিয়েই কাজ করেছি। আইনজীবীসহ সবার সহযোগিতা নিয়ে সম্ভবত সেটা করতেও পেরেছি। তিনি কলুষমুক্ত বিচারঅঙ্গণ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বার-বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করে বলেন, বার-বেঞ্চের সমন্বয়ের ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে ন্যায়বিচার বিঘ্নিত হয়। যার প্রভাবে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি বাড়ে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আক্তারুজ্জামান ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, জিপি এডভোকেট আবুল কাশেম, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির অডিটর এডভোকেট রওশন কবীর আলমগীর। বক্তারা বলেন, শেরপুরে প্রায় ৮ মাসের কর্মকালীন সময়ে জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান প্রমাণ করেছেন তিনি একজন সৎ, দক্ষ ও ন্যায়বিচারক। তার নেতৃত্বে এখানকার কলুষমুক্ত বিচার বিভাগ ধারাবাহিকতা রক্ষা করেছে। বিচারপ্রার্থী মানুষগণ ন্যায়বিচার পেয়েছেন।
অনুষ্ঠানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মোঃ কামাল হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ একেএম জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিচারকগণ, সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।









