স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘ধর্মীয় সহিষ্ণুতা রক্ষার জন্য সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার বঙ্গবন্ধু স্কয়ার এলাকার একটি হোটেলে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান। ঢাকাস্থ কানাডা হাইকমিশনের সহায়তায় নিউজ নেটওয়ার্ক নামের একটি সংগঠন ওই কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় একজন সাংবাদিককে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কাজ করতে হবে। সেক্ষেত্রে ওই প্রশিক্ষণ সাংবাদিকদের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠন নেটওয়ার্কের কর্মসূচি বিশেষজ্ঞ রেজাউল করিম ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। প্রশিক্ষণে শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করছেন। আগামী মঙ্গলবার কর্মশালা শেষ হবে।









