শ্যামলবাংলা ডেস্ক : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ক্যাসিনো কাণ্ড নিয়ে এত কথা, এত কেচ্ছা, তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলতে বললেন। অবশ্য রাশেদ খান মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন ‘অলরেডি’। তিনি বলেছেন এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে। তিনি একটা দলের সভাপতি, পত্র-পত্রিকায় নানা ধরনের খবর আসছে এর প্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যায়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে, সে বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়। ২৩ অক্টোবর বুধবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি ওইসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তারা নিজেরা আলাপ আলোচনা করেছেন, বিষয়টা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কাদের আরও বলেন, শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোন ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না।
সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ। যদিও পরবর্তীতে বিবৃতি দিয়ে তিনি বলেন, আমার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা সম্মেলনের প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ আমি পরে আপনাদের জানিয়ে দিবো। এখানে একটা বিষয় আছে যে নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তাভাবনা করছে। কাজেই সিটি করপোরেশন নির্বাচন করলে সেটা বেশি দিন বাকি নেই। সিটি করপোরেশন নির্বাচনেরও একটা প্রস্তুতি নিতে হবে।




















