শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণিপড়–য়া এক শিক্ষার্থীকে (১৩) ফুসলিয়ে তার চাচাবাড়ি থেকে অপহরণের অভিযোগে দাদা-নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়। সেইসাথে ভিকটিমের ২২ ধারার জবানবন্দি গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় চরশিমুলচুড়া গ্রামের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী বাড়ির পাশে তার চাচার বাড়িতে বেড়াতে যায়। আর ওই সুযোগে একই গ্রামের জহুরুল হকের ছেলে সজীব মিয়া সেই শিক্ষার্থীকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায়। পরে মেয়েটির বাবা পুলিশে খবর দিলে রাতেই সজিবের বাড়ি থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। ওই ঘটনায় মেয়েটির বাবা মঙ্গলবার সকালে সজিব মিয়া (১৮)সহ তার দাদা মকছেদ আলী (৬০), বাবা জহুরুল হক (৪২), মা ও চাচাকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ওইদিনই শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চরশিমুলচুড়া এলাকা থেকে সজিব ও তার দাদা মকছেদ আলীকে গ্রেফতার করে। মেয়েটির বাবা জানায়, বাড়ির পাশে একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত তার কন্যা। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই সজিব মেয়েটিকে উত্যক্ত করত।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল থেকে ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।









