শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সদস্যদের দেশ গঠনে একযোগে কাজ করতে হবে। ৩ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠ এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সর্বশেষ প্রস্ততি সরেজমিন পরিদর্শনকালে তিনি ওই কথা বলেন। ওইসময় হিন্দু সম্প্রদায়ের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এ মূলমন্ত্রকে ধারণ করে বর্তমান সরকার সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। ভক্তরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ মন্দিরগুলির আশেপাশের রাস্তা মেরামত করা, বিদ্যুৎতের ব্যবস্থা করা, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে বলে গণমাধ্যমকে অবহিত করেন। ওইসময় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে মিশনের সহ-সম্পাদক মহারাজ শান্তিকোরা নন্দ মেয়রকে স্বাগত জানান। তারা মেয়রকে পূজামণ্ডপ ঘুরে দেখান এবং ওই বিষয়ে তাদের সার্বিক প্রস্ততি মেয়রকে অবহিত করেন ।
পরে মেয়র ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আসেন । ওইসময় তাকে সকল বিষয় অবহিত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।




















