শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ৪ সংসদ সদস্য। ২ অক্টোবর বুধবার বিকালে বিএসএমএমইউর ৬২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তারা।
তারা হলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ, বগুড়া-৮ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এ ৪ এমপি। তারা বলেন, বিএসএমএমইউ হাসপাতালের কেবিনে কারাবন্দি খালেদা জিয়ার অবস্থা নাজুক। মানবিক বিবেচনায় তাকে জামিন দেয়ার আবেদন জানান তারা।

এর আগে গতকাল মঙ্গলবার বিএসএমএমইউতে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন বিএনপির ৩ সংসদ সদস্য হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম। তারা সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন। পরে হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেড় বছর ধরে কারাগারে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে ভর্তি করা হয়।




















