স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার অস্ত্র-গুলি, জাল টাকা ও ইয়াবাসহ খবির উদ্দিন ওরফে সোহেল (৩২) নামে এক আলোচিত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক শহরের মোল্লাপাড়া মহল্লার আবুল হাশেমের ছেলে এবং মাদকসম্রাজ্ঞী বলে পরিচিত তাহমিনা বেগমের স্বামী। তবে সন্ধ্যার পর জানাজানি হয় সোহেলের গ্রেফতারের খবর।
সম্প্রতি শহরের গৌরীপুর এলাকায় ভাড়াটে বাসায় ঢুকে এটিএসআই আনোয়ার হোসেনকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনার পর থেকে সোহেলের নামটি শহরে ব্যাপক আলোচিত হচ্ছে। তার স্ত্রী তাহমিনাও মাদক মামলায় হাজতে রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন রাত ১০টায় জানান, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে খবির উদ্দিন ওরফে সোহেলকে গ্রেফতার করা হয়। ওইসময় তার হেফাজত থেকে একটি পাইপ গান, দু’টি কার্তুজ, ২৯ হাজার জাল টাকা ও বেশকিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ঘটনায় সদর থানায় অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩টি মামলা রুজু হয়েছে। আর ওইসব মামলায় প্রতিটিতে ৭ দিনের পুলিশ রিমা-ের আবেদনসহ গ্রেফতারকৃত যুবককে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে কোর্ট সূত্র জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ওই ৩ টি মামলায় রিমা- শুনানীর তারিখ ধার্য করে গ্রেফতারকৃত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।









