শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট শনিবার। ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ আসর পরিবারের পক্ষ থেকে আইভি কনকর্ড টাওয়ারে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া ভৈরবে আইভি রহমানের জন্মস্থান ভৈরবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, শোকযাত্রা ও তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, আলোচনা, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।























