শ্যামলবাংলা ডেস্ক : মশা নিধনের জন্য সময়মতো কেন কার্যকরী ওষুধ কেনা হয়নি, এই ব্যর্থতা ২ সিটি কর্পোরেশনের বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিবেদন নিয়ে শুনানিতে এমন মন্তব্য করেছেন আদালত।

তবে, বিশেষ বিমানে করে মশা নিধনের নতুন ওষুধের নমুনা আজকের মধ্যে দেশে আসবে বলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আইনজীবীরা হাইকোর্টকে জানিয়েছেন। একইসঙ্গে, ওই নমুনা ওষুধের কার্যকারীতার ওপর মহাখালীর একটি ল্যাবরেটরিতে প্রাথমিকভাবে পরীক্ষা চালানো হবে বলেও জানান তারা। ১ আগষ্ট বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়াদীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এমন মন্তব্য করেন। এর আগে, আইনজীবীরা মশার কার্যকরী ওষুধ আনা হচ্ছে বলে তথ্য দেন।
আদালতে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।




















