শ্যামলবাংলা ডেস্ক : বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এখন যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে। বর্তমান পরিস্থিতি ও দুর্গত বিষয়ে সরকার দৃষ্টি রাখছে। আওয়ামী লীগ নেতাকর্মীদেরও এ নিয়ে সজাগ ও সচেতন হতে হবে। সুখে-দুঃখে আমরা জনগণের পাশে আছি এবং থাকবো।’ শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করাই আওয়ামী লীগের নীতি। জাতির পিতার হাতে গড়া এ দলের হাত ধরেই স্বাধীনতা এসেছে। সেই দলকে সুসংগঠিত করে স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। আমরা মানুষকে অবহেলা করে কখনও দেশ পরিচালনা করিনি। মানুষের সুখ, দু:খের সাথী হয়ে বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করেছি।’
বিএনপি আমলে বন্যায় দুর্গতদের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যখন সরকারে ছিল, তখন হাজার হাজার মানুষ বিভিন্ন দুর্যোগে মারা গেছে। তারা মানুষকে ত্রাণসামগ্রী দিতে পারেনি। বন্যার্তদের সহযোগিতা করতে পারেনি। তারা ছিল শুধু নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত।’




















