স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার রাতে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। পরে মেলার অফিস কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, চেম্বারের জুনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন, পরিচালক বশিরুল ইসলাম শেলু, মনির উদ্দিন আহমেদ, গোপাল চন্দ্র সাহা, নির্মল কুমার সাহা, রাজন সরকার, বাবন সাহা, জুনিয়র সচিব তন্ময় বণিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় কেনা-কাটার বাহারি সব স্টলের পাশাপাশি সার্কাস, নৌকার দোলনা, রেলগাড়ি, নাগরদোলা, নান্দনিক পানির ফোয়ারা ও রঙিন আলো ঝলমলে সু-উচ্চ টাওয়ারসহ শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের জন্য বিনোদনের নানা আয়োজন রয়েছে। শুরুর দিনে সব স্টল পুরোপুরি চালু না হলেও আগামী ২-১ দিনের মধ্যেই সেগুলো পরিপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন মেলার আয়োজক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সকলের সহযোগিতায় মাসব্যাপী ওই বাণিজ্য মেলা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উপহার দিতে চাই শেরপুরবাসীকে।









