স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পিছিয়ে পড়া হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর সদস্যদের সাথে জেলা পুলিশের ইফতার অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সোমবার শহরের পুলিশ লাইন্সে আয়োজিত ওই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুরের হিজড়া জনগোষ্ঠীর সভাপতি নিশি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল।

ওইসময় অতিথিরা বলেন, হিজড়া জনগোষ্ঠীকে মূল জনশক্তিতে রূপান্তরের জন্য সরকার কাজ করছে৷ তাই শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হিজড়াদের মূল স্রোতে ফেরাতে এবং তাদের দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।









