খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শ্যামলবাংলা২৪ডটকমে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন শেরপুরের ঝিনাইগাতীর সেই বিধবা হাজেরা বিবি। ১৯ মে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ তার কার্যালয়ে নিয়ে হাজেরা বিবির হাতে একটি বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। ওই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিল। বয়স্ক ভাতা’র কার্ড হাতে পেয়ে খুশিতে কেঁদে ফেলেন হাজেরা বিবি।
উল্ল্যেখ, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর মৃত লেচু মিয়ার স্ত্রী হাজেরা বিবিকে নিয়ে ১৬ মে শ্যামলবাংলা২৪ডটকমে ‘ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও হাজেরা বিবির ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতার কার্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ পদস্থ কর্মকর্তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।









