শ্রেষ্ঠ ওসি নজরুল, ট্রাফিক পরিদর্শক জাহাঙ্গীর ও এসআই মোস্তাফিজ
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ রেঞ্জের মাসিক মূল্যায়ন সভায় এবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শেরপুরের ৩ পুলিশ কর্মকর্তা। এরা হচ্ছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক জাহাঙ্গীর আলম ও এসআই মোস্তাফিজুর রহমান। ১৬ মে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের পুরষ্কারের ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। ওইসময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সেবা, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম (বার), রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শ্যামলবাংলা২৪ডটকমকে ওই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের কাজের স্বীকৃতি হিসেবেই রেঞ্জের সেরা হিসেবে সম্মাননা পেয়েছেন।
এদিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ সিনিয়র পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক জাহাঙ্গীর আলম ও এসআই মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ২ দফায় ও এসআই মোস্তাফিজুর রহমান ৩ দফায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন।









