স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া যানজট নিরসনে শহরের নিউমার্কেট থেকে থানা মোড় এলাকার ফুটপাত দখলমুক্ত করার উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শহর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। ওইসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।









