ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় জাকির হোসেন (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। জাকির হোসেন উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ইছামারী পাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার বখাটে জাকির হোসেনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, জাকির হোসেন মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বেশকিছুদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে থানায় অভিযোগ করা হলে বখাটে জাকির হোসেন গা ঢাকা দেয়। গত দু’দিন পূর্বে জাকির হোসেন আবারও এলাকায় গিয়ে ওই স্কুলছাত্রীকে আবার উত্যক্ত করে। ওই সময় গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের কাছে দেয়। ওই ঘটনায় ওই স্কুল ছাত্রীর মামা শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
ঝিনাইগাতী থানার ভারপাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









