শ্যামলবাংলা ডেস্ক : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আমি নরেন্দ্র মোদিকে ভালোবাসি। আসলে কোনো মানুষের প্রতিই আমার কোনো ঘৃণা নেই। তবে আমার প্রতি নরেন্দ্র মোদির রাগ আছে। তিনি ৫ এপ্রিল শুক্রবার মহারাষ্ট্রের পুনেতে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন। ছাত্ররা রাহুলের এ কথা শুনে ‘মোদি মোদি’ বলে স্লোগান দেয়। স্লোগানের উত্তরে রাহুল গান্ধী বলেন, কোনো সমস্যা নেই। একটু পর রাহুল গান্ধী বলেন, আমি সবাইকেই ভালোবাসি। আমি তাদেরকেও ভালোবাসি যারা ঘৃণার কারণে অন্ধ হয়ে থাকে।
তিনি বলেন, ঘৃণা হচ্ছে মূর্খতার পরিচায়ক। আমি কিছু ভাবি না যদিও পুরো পৃথিবী ঘৃণায় ভরে যায়; কারণ আমি মূর্খ নই। আমি সব জাতিসত্তাকেই ভালোবাসি।
এদিকে লোকসভা নির্বাচনের আর মাত্র হাতেগোনা ছয় দিন বাকি। রাজ্যে রাজ্যে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। করছেন সভা-সেমিনার, রোডশো। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফার জন্য ৪০ জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তালিকায় আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ জোট নেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খড়গে, প্রিয়াংকা গান্ধী, গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশোক চৌহান, মুকুল বাসনিক, সঞ্জয় নিরুপম, মিলিন্দ মুরলি দেওড়া ও অন্যরা। কংগ্রেসের ৪০ সিপাহির তালিকায় ৫ নম্বরে প্রিয়াংকার নাম থাকলেও তিনিই দলটির প্রধান হাতিয়ার।








