শ্যামলবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ শনিবার। ১৯৭৫ সালের এই দিনে মারা যান তিনি। তিনি ছিলেন গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার। তার ৪ মেয়ে ও ২ ছেলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে এ মহান ব্যক্তির অবদান ছিল। বরাবরই ছেলে শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও কর্মজীবনে উৎসাহ জুগিয়েছেন তিনি। তার অনুপ্রেরণাতেই শেখ মুজিব তার জীবনের বহু সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিলেন। ধীরে ধীরে দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে নিজেকে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু নিজেও তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বাবার এ অবদানের কথা স্বীকার করে গেছেন।
শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে ঢাকা ও টুঙ্গিপাড়ায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় মরহুমের বাসভবনে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
























