স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে তৃতীয় দফায় অনুষ্ঠেয় নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘেœ অনুষ্ঠানে সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় সদর সাব-রেজিস্ট্রি অফিসে ফ্রি স্টাইলে অনিয়ম-দুর্নীতি, শহরে হঠাৎ করে যানজট পরিস্থিতির অবনতি ও অবাধে মাইকিং-প্রচারণা ও শব্দ দূষণ, যত্রতত্র গড়ে ওঠা ডায়াগনষ্টিক সেন্টারে অব্যবস্থাপনা ও সেবাগ্রহীতাদের হয়রানীসহ লাইসেন্স ব্যতীত অবাধে যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে বক্তারা আলোকপাত করলে ওইসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সেলিম মিঞা, জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সুবল দেবনাথ, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শহর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। ওইসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।









