স্টাফ রিপোর্টার ॥ ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোচিত মানুষ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি প্রন্থাগারে গিয়ে শেষ হয়।
পরে জেলা সরকারি গ্রন্থাগার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা লাইব্রেরিয়ান এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া শিবু, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সখিনা আখতার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদের, অধ্যাপক কামাল উদ্দিন, শ্রীবরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক এমদাদুল হক প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, সরকার ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করার পর গ্রন্থাগার অঙ্গনে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে এখন সারাদেশের গ্রন্থাগারগুলি নানামুখী কর্মকান্ডে মুখরিত থাকছে। আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, পাঠচক্র ইত্যাদিসহ অসংখ্য নতুন নতুন ধারণার মধ্য দিয়ে গ্রন্থাগারগুলির প্রাণচাঞ্চল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই দিবস চালুর মধ্যে দিয়ে গ্রন্থাগার পেশাজীবী ও জ্ঞানমনস্ক সুশীল সমাজের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে ইতিহাস-ঐতিহ্য সচেতন ও জ্ঞানভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর।









