স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মদক্ষতা বৃদ্ধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় আরও সহজে সেবা পৌঁছানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। সেইসাথে প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের সৃজনশীলতা বাড়ানো এবং নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার আহবানও জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ ৫২ ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউডিসি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।









