স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় দফায় একাদশ জাতীয় সংসদেও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সরকারদলীয় হুইপ মনোনীত হয়েছেন শেরপুর-১ (সদর) থেকে টানা ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ৩০ জানুয়ারি বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগ মুহূর্তে তাকে ওই নিয়োগের অনুমোদন দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। পরে তার প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করেন।
এদিকে মন্ত্রীর প্রত্যাশা করে না পেলেও শেষ মুহূর্তে আবারও হুইপ হিসেবেই সংসদ সদস্য আতিউর রহমান আতিককে মনোনীত করায় শেরপুরে দলীয় অঙ্গণে স্বস্তি ফিরে এসেছে। উজ্জীবিত হয়ে উঠেছেন দলীয় নেতা-কর্মীসহ তার সমর্থকরা। এ জন্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।









