ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মোটর সাইকেলের ধাক্কায় আলী মাহমুদ (৯০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আলী মাহমুদ সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্ধ্যাকুড়া দোকান থেকে মুদি মালমাল কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় ফাকরাবাদ গ্রামের আব্দুর রহিমের মোটর সাইকেলের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়। আহত আলী মাহমুদকে প্রথমে ঝিনাইগাতী ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আলী মাহমুদের মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, উভয় পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। ঝিনাইগাতী ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









