স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। ২৬ জানুয়ারি শনিবার সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর ৭ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার রাত সাড়ে ৯ টায় স্থানীয় আখের মামুদ বাজার এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মকবুল হোসেন শেরপুর পৌরসভার কর পরিদর্শক হিসেবে প্রায় এক বছর আগে অবসর গ্রহণ করেন। তিনি আখের মামুদ বাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় বিভিন্ন ধর্মীয়-সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রৌশন ও জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।









