স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রথম আলো ট্রাষ্ট ও সিটি ব্যাংক এন এর উদ্যোগে দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে ১শ কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার মৃগিনদী সংলগ্ন খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৪টি গ্রামের ৫০টি পরিবারসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১শ জনকে ওইসব কম্বল ও মশারি দেওয়া হয়। ওইসব সামগ্রী বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার পূর্ব রূপারপাড়া গ্রামের প্রয়াত ফজলুর রহমানের বাগানবাড়ি প্রাঙ্গণে পূর্ব রূপারপাড়া, পশ্চিম রূপারপাড়া, মাদারপুর ও পোড়াগড় গ্রামের ৫০ জন দুস্থ মানুষের হাতে কম্বল ও মশারি তুলে দেন লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ। এ সময় উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোশারফ হোসেন, সাবেক সদস্য আশরাফুল কবীর, সমাজ সেবক আজিজুর রহমান প্রমুখ। ওই সময় প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ বলেন, প্রথম আলো শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়-এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে। প্রতিষ্ঠানটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র নিয়ে গ্রামের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটি খুবই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাঁদের এ কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
কম্বল ও মশারি পেয়ে পূর্ব রূপারপাড়া গ্রামের জমেলা খাতুন (৭০) বলেন, ‘শীতে কষ্ট পাইলেও আমগরে কেউ কম্বল দেয় নাই। আপনারাই আমগরে প্রথম কম্বল দিলেন। এই কম্বলে একটু হইলেও আমগরে কষ্ট কমবো। আল্লাহ আপনেগরে ভাল করুক।’
এদিন শেরপুর সদরের পশ্চিমশেরী, শেরীপাড়া, খরমপুর, বাগরাকসা, মাধবপুর ও গোপালবাড়ী এলাকার আরো ৫০ জন দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম সাইফসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।




