স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব। সভায় গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণসহ জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে মাদকমুক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল, শহর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যগণসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




