শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর উডলট বন বাগানের বৃক্ষ জব্দ করেছে বন বিভাগ। ১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বালিজুরি রেঞ্জের মালাকোচা বিটের ঝুলগাঁও গ্রামের শাজাহানের বাড়ির পাশের বাগান থেকে ৫টি বৃক্ষ জব্দ করা হয়।
মালাকোচা বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঝুলগাঁও গ্রামে প্রায় বাড়ির পাশেই রয়েছে উডলট বাগান। ওইসব বাগানের মধ্যে কিছু বাগান স্থানীয় বাসিন্দারা সৃজন করেছে। সৃজনকৃত বাগান কর্তনের সময় বিট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। মঙ্গলবার শাজাহান মিয়া অনুমতি না নিয়ে তার সৃজনকৃত বাগানের ৫টি গামার গাছ কর্তন করে। এ সংবাদ পেয়ে কর্ণঝোড়া বিট কর্মকর্তা আমিনুল ইসলামকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বৃক্ষ গুলো জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
এ ব্যাপারে কর্ণঝোড়া বিট কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অনুমতি না নিয়ে ওইসব বৃক্ষ কাটায় সেগুলো জব্দ করা হয়েছে। মালাকোচা বিট কর্মকর্তা রবিউল ইসলাম অফিসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। স্থানীয় সচেতন মানুষের অভিযোগ, ওইসব বাগান মালিকরা প্রায় বিভিন্ন বিভিন্ন সময়ে বৃক্ষ কর্তন করে বিক্রি করে আসছে। ফলে বছরে লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ ব্যাপারে বন বাগানের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।




