স্টাফ রিপোর্টার ॥ অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। ৩০ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে এক সাংবাদিক সম্মেলনে ওই বর্জনের ঘোষণা দেন তারা। ওইসময় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও ফাহিম চৌধুরী বলেন, আমাদের দলীয় নেতা-কর্মীদের আটক করায় এমনিতেই নির্বাচনের পরিবেশ ঘোলাটে ছিলো। তারপরও আমরা আশা করেছিলাম নির্বাচনের দিন ভালো ভোট হবে। কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ ভোটের দিনেও অন্তত: ২০ জন নেতা-কর্মীকে আটক করেছে। এটি পক্ষপাতিত্বমূলক নির্বাচন। তাই আমরা নির্বাচন বর্জন করলাম। ওইসময় শেরপুর-১ (সদর) আসনের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা বিভিন্ন কেন্দ্রে হামলা ও কারচুপির অভিযোগ তুললেও নির্বাচন বর্জনের ঘোষণা না দিয়ে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি নির্বাচনে মাঠে আছেন ও থাকবেন। সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ উপস্থিত ছিলেন।









