স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী এলাকায় কাজ করছে বিচার বিভাগীয় নির্বাচনী তদন্ত কমিটি। ২ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কামাল হোসেন। কমিটির অপর সদস্য হচ্ছেন সহকারী জজ শারমিন সুলতানা সুমী। এ কমিটি ৩০ ডিসেমম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিনসহ তার পরদিন পর্যন্ত মাঠে কাজ করবে। এছাড়া সদর আসনে ২ জন এবং অন্য ৪ টি উপজেলায় আরও ৪ জনসহ ৩টি নির্বাচনী এলাকায় এ কমিটির বাইরে আরও ৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা কাজ করবেন।
জানা যায়, ওই কমিটি নির্বাচন শুরুর প্রথম থেকেই জেলার ৩টি নির্বাচনী এলাকায় সফর করছে। কমিটির দৃষ্টিতে পড়া ছোটখাটো সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হলেও সরাসরি তদন্ত করছে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার গাড়ি বহরে হামলা এবং আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের কন্যা ডাঃ শারমিন রহমান অমির গাড়িতে হামলার অভিযোগ। ২৬ ও ২৭ ডিসেম্বর দু’দিনব্যাপী অভিযোগের ঘটনাস্থল পরিদর্শনসহ আদালত অঙ্গণে কমিটির অফিসে অভিযোগের বিষয়ে শুনানী ও সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাচনী তদন্ত কমিটির প্রধান শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কামাল হোসেন ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, তদন্ত কমিটির কাছে বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার ৩টি অভিযোগ আসলেও মূলতঃ সেগুলো একই ঘটনাকেন্দ্রিক। একটি সরাসরি তদন্ত কমিটির কাছে করা এবং অন্য দু’টি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো। অপরদিকে অন্য অভিযোগটি আওয়ামী লীগ প্রার্থীর কন্যা ডাঃ শারমিন সুলতানা অমির করা। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত শেষে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো ছাড়া এ কমিটির সরাসরি কোন ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।








