রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, টানা ২ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেছেন, বিএনপির শাসনামলে এ দেশ ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আর আওয়ামী লীগের আমলে গত ১০ বছরে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এ দেশের প্রতিটি গ্রাম হবে শহর। তিনি ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শেরপুরের শ্রীবরদী পৌরশহরের সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে ওইসব কথা বলেন। ওইসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, এবার আওয়ামী লীগ সরকার গঠন করলে এ দেশ উন্নত দেশে পরিণত হবে। এ জন্য তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে জনতার প্রতি উদাত্ত আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রাজা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দাকার ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ফররুখ আহমেদ ফারুক।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, আ’লীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও জুয়েল আকন্দ প্রমুখ। সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে পৃথক পৃথক ভাবে আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃত্বে মিছিল নিয়ে সভায় সমবেত হয়।




