স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ২৩ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এতে এলাকার দলীয় নেতা-কর্মীসহ নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটে। ওইসময় তিনি গত ১ দশকে সরকারের জাতীয় ও স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের গতি চলমান ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখার পাশাপাশি ‘মডেল শেরপুর’ গড়তে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে নৌকায় ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজদুল হক মিনু ও মিনহাজ উদ্দিন মিনাল, সহ-প্রচার সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমুন নাহার, সাবেক ছাত্রলীগ নেতা অজয় কুমার চক্রবর্তী প্রমুখ। এদিন হুইপ আতিক ভাতশালা ইউনিয়নের ভাতশালা ভোটঘর, চরসাপমারী, ইমামবাড়ী, বিশ্ববাজার এলাকাসহ ১০/১২টি এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।









