নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মহাজোটে সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি অনেক বাহানা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটা ভাল, কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের উন্নয়নের জন্য কিছুই করেননি। তারা এখন কোন মুখে মানুষের কাছে ভোট চান? তিনি ১৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারনে প্রাণে বেঁচে যান। এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। এমনকি শেখ হাসিনা ও শেখ রেহানাকেও দেশে আসতে দেয়া হয়নি। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করেন। এরপর থেকেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশের উন্নয়নে কাজ শুরু করে। আবার আপনারা ২০০১ সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অত্যাচার নির্যাতন করেছেন। দেশের উন্নয়নে কিছুই করেননি। অপরদিকে শেখ হাসিনা ক্ষমতায় আসেন দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য।
ওইসময় মতিয়া চৌধুরী উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আমি কি আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করতে পেরেছি? তখন সকলেই হাত তুলে উন্নয়নের স্বীকৃতি জানান। পরে তিনি উপস্থিত সকলকে বলেন, যদি উন্নয়ন করে থাকি তাহলে আবার নৌকা মার্কায় ভোট চাই।
ওইসময় মতিয়া চৌধুরীর সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, আ’লীগ নেতা আব্দুল হালিম উকিল, আব্দুস সবুর, গোপাল সরকার, ট্রাইবাল চেয়ারম্যান লুইস নেংমিনজা, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শওকত সাঈদ, উপজেলা ভাইস-চেয়াম্যান আছমা আক্তারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।









