শ্যামলবাংলা ডেস্ক : বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা। ১৫ অক্টোবর সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত ওই মানববন্ধন শুরু হয়। এতে শুধু সম্পাদক পরিষদের সদস্যরাই মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, যুগান্তর এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে গত ২৯ সেপ্টেম্বর মানববন্ধন করার কথা ঘোষণা করে সম্পাদক পরিষদ। কিন্তু তথ্যমন্ত্রীর অনুরোধে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছিল। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের পক্ষ থেকে বলা হয়, তাদের সঙ্গে আলোচনা করে বিতর্কিত ধারাগুলো সংশোধনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু এটি না করেই আইনটি কার্যকর করা হয়েছে।
সম্পাদক পরিষদ বলছে, সদ্য কার্যকর হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষের আপত্তি উপেক্ষা করে গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের বিল পাস করা হয়।



















