শ্যামলবাংলা ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংসদে পাস হওয়া আইনে স্বাক্ষর করা রাষ্ট্রপতির রুটিন ওয়ার্ক। তিনি সেটিই করেছেন। এখনো আইন সংশোধনের যথেষ্ট সুযোগ রয়েছে। কাজেই ‘তিন মন্ত্রী কথা রাখেননি’ এই মন্তব্য হৃদয়বিদারক। তিনি ১৪ অক্টোবর রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনির্ধারিত এক প্রেস ব্রিফিংয়ে ওইসব কথা বলেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সম্পাদক পরিষদের আপত্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। কিন্তু মন্ত্রিসভায় আলোচনার পরিবেশটা ছিল না বিধায় বলা হয়নি। আশা করছি যেকোনো সময় (মন্ত্রিসভায়) আলোচনাটা হবে এবং আলোচনা করলে আবারো এডিটর্স কাউন্সিল ও সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হব। আলোচনাটা চালু আছে, বন্ধ হয়ে যায়নি।
সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে সরকারের তিনমন্ত্রীর বৈঠক হয়। ওই বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সম্পাদক পরিষদ আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের আপত্তিগুলো মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আইনটি সংশোধনের লক্ষ্যে আরও আলোচনা করা হবে। কিন্তু এরপর মন্ত্রিসভার দুটি বৈঠক হলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টিকে সম্পাদক পরিষদ প্রতিশ্রুতির বরখেলাপ হিসেবে উল্লেখ করেছেন এবং স্থগিত মানববন্ধনটি সোমবার পালন করবে।
সম্পাদক পরিষদের মানববন্ধন কর্মসূচি ঘোষণার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, মানববন্ধন, লিখিতভাবে দাবি উত্থাপন, সাংবাদিক সম্মেলন, মিছিল তারা করতেই পারেন। এগুলো সব দাবি তোলার পন্থা। এ ব্যাপারে কোনো মন্তব্য নেই। তবে মানববন্ধন করুক, আর না করুক সরকার আলোচনায় আছে ও আলোচনার ভেতরে থাকবে। সুতরাং আলোচনাটাই গুরুত্বপূর্ণ।
ইনু বলেন, সম্পাদক পরিষদের ওই বৈঠকে এটাও বলা হয়েছিল, আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন কি করলেন না, তার সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই। কারণ যেকোনো আইন পরিমার্জন করা যায়। তার জন্য সরকার ও সংসদ আছে।
ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্ট গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা ও এগার লক্ষ্যের কোনও ভিত্তি নেই। তাদের সাত দফায় কিছু ‘অমিশন’ ও কিছু ‘কমিশন’ রয়েছে। কিছু বিষয় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাদ দেওয়া হয়েছে, আবার কিছু বিষয় যোগ করা হয়েছে। তারা এই সাত দফার মাধ্যমে ভুতের সরকার নাজিল করতে চায়। এর মাধ্যমে তারা নির্বাচনের আগে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটি কোনও নির্বাচনী জোট নয়, এটি নির্বাচনী ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি ও জঙ্গিদের রক্ষা কবচ।
ইনু বলেন, বাংলাদেশে এই মুহুর্তে কোনও রাজবন্দি নেই। যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতি মামালায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সাত দফা এসব চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করার অপচেষ্টা।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বিষয়ে তথ্যমন্ত্রী মন্তব্য করেন, তিনি (বি. চৌধুরী) তাদের অবস্থান পরিস্কার করেছেন। বিএনপি-জামায়াতের জোটেও তারা যাবেন না ও আওয়ামী লীগের জোটেও আসবেন না। তাদের এই অবস্থানকে শ্রদ্ধা জানান তিনি।



















