শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদী কবি। তিনি অসাম্প্রদায়িক ছিলেন। তার কবিতা আমাদের অসাম্প্রদায়িক হতে শিখিয়েছে। তিনি ২৭ আগস্ট সোমবার জাতীয় কবির ৪২তম মৃত্যবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওই কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমাদের জাতীয় কবি অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় সমৃদ্ধ ছিলেন। বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা শপথ নিব বাংলাদেশে যে সাম্প্রদায়িকতা বিষবৃক্ষ এখন ডালপালা বিস্তার করে আছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নজরুলের চেতনায় এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া ও সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।




















