শ্যামলবাংলা ডেস্ক : ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি শেষে বাড়ি ফেরা মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। ঈদের দু’দিন পর থেকেই কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও আজ রবিবার বাস টার্মিনাল ও স্টেশনে রয়েছে রাজধানীমুখি মানুষের স্রোত। প্রধান সড়কগুলোতে গাড়ির চাপ ছিল বেশি। যানজট না থাকলেও সিগন্যালগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে ঢাকায় ফিরতে তিন রুটেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছে যাত্রীরা।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকায় ফেরা মানুষের পদচারণায় মুখর রেলওয়ের প্রধান এ স্টেশনটি। পরিবার-পরিজনসহ মানুষ জীবিকার তাগিদে ফিরে আসছেন ঢাকায়।
পাশাপাশি লঞ্চঘাটেও রাজধানীতে ফেরা যাত্রীদের ভিড় বাড়ছে। তবে গাড়ির তুলনায় ফেরি কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পার হতে লেগেছে ঘণ্টার পর ঘণ্টা।
ঢাকায় ফিরে আসা যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের আগে সড়ক-মহাসড়কগুলোতে যে তীব্র যানজট ছিল তা আর নেই। যাত্রী চাপও তুলনামূলক কম। কিন্তু যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া আদায় করছে লঞ্চ ও বাস মালিকপক্ষ।
এদিকে, লঞ্চের টিকিট কাউন্টারে কেবিনের জন্য আসা একাধিক ব্যক্তি জানান, ২৫-২৬ আগস্ট বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের কেবিনের টিকিটের জন্য ঈদের আগে থেকে বিভিন্ন কাউন্টারে ঘুরেছেন তারা। ঈদের পরও বিভিন্ন কাউন্টারে গিয়ে টিকিট পাননি। ফলে ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে ফিরতে হবে।
লঞ্চের যাত্রীদের অভিযোগ, ডেকে চাদর বিছিয়ে জায়গা দখল করে রেখেছেন লঞ্চের কর্মচারীরা। ২০০ থেকে ৩০০ টাকায় ওই জায়গা যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে। একইসঙ্গে কর্মচারীদের কেবিন যাত্রীদের কাছে ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। তাদের পদচারণায় মুখর টার্মিনালগুলো। রাজধানীর প্রধান সড়কগুলোতে এখনও মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানপাটও বন্ধ।




















