শ্যামলবাংলা ডেস্ক : দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন কাউন্সিলর এবং সীতাকুণ্ড, কুষ্টিয়া, নোয়াখালী, খুলনা, ময়মনসিংহ, চাঁদপুর, বাগেরহাট ও ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ঝিনাইদহ এবং মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের দুপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ২ জন প্রাণ হারিয়েছেন।

টেকনাফ(কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মো. একরামুল হক নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং পৌরসভার কায়ুখালী পাড়া মৃত আবদুল সাত্তারের ছেলে। তবে তিনি সরকারের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী বলে দাবি র্যাবের। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কের পাশে ওই ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় দিয়ে একটি ইয়াবার চালান পাচারের খবর পেয়ে এক ব্যক্তির গতিরোধ করে র্যা ব সদস্যরা। এ সময় র্যা বকে লক্ষ্য করে ওই ইয়াবা ব্যবসায়ী গুলি ছুঁড়ে। এ সময় র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান একরামুল হক। টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহত একরামুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। রাত ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই সময় তার ৩ সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। শনিবার রাত ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতের নাম রেহান উদ্দিন (২৮)। সে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মৃত মালিউল হকের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ইয়াবা পাচারসহ ৭ টি মামলা রয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ জাফর, একই এলাকার মৃত ইয়ার মোহাম্মদের ছেলে সমুন প্রকাশ ওরফে কালা সুমন ও দক্ষিণ পশ্চিম সৈয়দপুর এলাকার মৃত শরীয়ত উল্লাহর ছেলে ইউসুফ প্রকাশ টিটু।
মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে হাফিজুল ইসলাম ওরফে হাফি (৪৫) নামের একজন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিজেদের মধ্য মাদকের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে। নিহত হাফিজুল ইসলাম গাংনী চৌগাছা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের ছেলে। শনিবার গভীর রাতে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া বাথান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মাদক ব্যবসায়ীদের দুপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ লিটন মোল্লা ওরফে গাঁজা লিটন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা জামতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, রাতে তারা খবর পান বড়দা জামতলা এলাকায় গোলাগুলি হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মোল্লার মৃতদেহ পড়ে থাকতে দেখে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ শ’ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান সুটার পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে। নিহত লিটন উপজেলার শেখপাড়া এলাকার আব্দুল হাকিম মোল্লার ছেলে। সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ১০টি মাদকের, একটি চাঁদাবাজি ও ১টি পুলিশ এ্যসল্ট মামলাসহ ১২ টি মামলা রয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হালিম মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে শহরের হাউসিং ‘ডি’ ব্লক মাঠে ওই ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে একদল মাদক ব্যবসায়ী ওই মাঠে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য কর গুলি ছুঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়।
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান ওরফে ইয়াবা হাসান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগাদিয়া এলাকার আঞ্চলিক এজতেমা মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি (অস্ত্র), সাত রাউন্ড গুলি, ৫টি ধারালো অস্ত্র ও ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত হাসান উপজেলার বানুয়াই গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে।
খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের মজুদখালি শ্মশানঘাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কালাম মোল্লা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৩ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত কালামের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৫টি মামলা রয়েছে।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ৪ জন মাদক ব্যবসায়ী ২টি মোটরসাইকেল নিয়ে বারাকপুরে অবস্থান করছে। রাতে সেখানে পুলিশ অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুঁড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে কালাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সময় তিনজন পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি টুটু বোর রাইফেল, ৪ রাউন্ড গুলি, ২০ পিস ইয়াবা ও নম্বর বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই আমান ও পলাশ আহত হয়েছেন।
ময়মনসিংহ: ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে নগরীর মরাখলা এলাকায় এই ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গভীর রাতে নগরীর মরাখলা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়।
চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোরে মতলব দক্ষিণের হাজীর ডোন এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সেলিম মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের সালামত উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিটুল বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মিটুল উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের খোকা বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে নয়টি মাদক, একটি হত্যা ও পুলিশের ওপর হামলার তিনটি মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোরে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ-মহারাজা রাস্তার দূর্লভপুর নামকস্থানে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে রাণীশংকৈল উপজেলার ভোরনিয়া শেয়ালডাঙ্গী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় রফিকুলের সহযোগীরা পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে রফিকুল নিহত হন। পরে ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি পাইপগান, ১০০ বোতল ফেন্সিডিল ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। তার বিরুদ্ধে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানায় ৮টি মামলা রয়েছে।




















