শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি দিয়েছে দলটি। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর সঙ্গে রায়ের আগের দিন কথা হয়েছে। রায় হওয়ার পর শন্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলেছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসনের রায় নিয়ে শুক্রবার সারাদেশে জেলায়-উপজেলায় বিক্ষোভ করা হবে। কর্মসূচি হবে শান্তিপূর্ণ। পরদিন শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। মামলার অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদের সবার ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই মামলার প্রধান আসামি। এছাড়া মামলায় অন্য আসামিরা হলেন তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। মামলার শুরু থেকেই তারেক রহমান, ড. কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।




















