স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগে ডিসেম্বর/২০১৭ মাসের কার্যক্রমের মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। এ উপলক্ষে ২২ জানুয়ারি সোমবার দুপুরে তার হাতে ওই শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। রেঞ্জ ডিআইজি সভাকক্ষে আয়োজিত ওই সম্মাননা প্রদানকালে অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া ও শেরপুরের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণিসহ বিভাগের ৪ জেলার পুলিশ প্রধানগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকম’র সাথে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, যে কোন কাজের স্বীকৃতি মানুষকে আরও ভাল কিছু করার জন্য অনুপ্রাণিত করে। আমি মনে করি এ কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার তারা- যাদের নিয়ে এবং যাদের মাঝে আমি কাজ করি। সেইসাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া ও শেরপুরের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের প্রতি।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে বিপ্লব কুমার বিশ্বাস ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি সমাজে একজন দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা হিসেবে সমাদৃত।









