ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন (এনডিসি, পিএসসি) বলেছেন, এত বড় সীমান্ত, এখানে কিছু অপ্রীতিকর ঘটনা থাকবেই । তবে ভারতের সাথে কো-অপারেশন করে সীমান্তে এ ধরনের ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি ৩ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ি ও নালিতাবাড়ী উপজেলার বারোমারী সীমান্ত ফাঁড়ি পরিদর্শনকালে সীমান্তে বাংলাদেশী হত্যাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভাল আছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে ১৫ হাজার ফোর্স আমাদের দিয়েছেন। আশা করছি নিরাপত্তা আরও জোরদার হবে।
বিজিবি ফাড়ি পরিদর্শনকালে ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কাজী অনিরুদ্ধ, ২৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আনিসুর রহমান, ঝিনাইগাতী নকশী সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম প্রমুখ তার সফর সঙ্গী ছিলেন।
এর আগে দুপুর ১টার দিকে ঝিনাইগাতী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাডে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর , ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস তাকে স্বাগত জানান ।




















