শ্যামলবাংলা ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে বিএনপির আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ইস্যুতে জাতীয় ঐকমত্য সৃষ্টির আলোচনায় বিএনপির সদিচ্ছার কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। তারা জাতীয় স্বার্থের দিক থেকে বিবেচনা করে সমস্যা সমাধানে কতটা আন্তরিক, তা আগে দেখতে হবে।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বেইজিং যাচ্ছেন। ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করা হয়।
রোহিঙ্গা ইস্যুতে ঐক্যের ডাক দিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনার সম্ভাবনা আছে কি-না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এটিকে জাতীয় সমস্যা ভাবছে কি-না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। সরকার জাতীয় স্বার্থে সবার সহযোগিতা চায়। তবে বিএনপি এ সমস্যার সমাধান জাতীয় স্বার্থে বিবেচনা করলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতেন। সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, দেশের বাস্তবতা কি বিদেশে থেকে বোঝা যায়? তিনি বিদেশে বসে কথা বলছেন, দেশে এসে ভূমিকা রাখবেন না। তা কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতার ভূমিকা হতে পারে না।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরও বলেন, জাতিসংঘসহ সারা দুনিয়া একবাক্যে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক ভূমিকার প্রশংসা করছে। কেবল একটি দল ‘সরকার ব্যর্থ’ বলে অভিযোগ করছে। শেখ হাসিনার প্রশংসা দেখে তাদের গাত্রদাহ হচ্ছে। ‘রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, জাতির ভেতর বিভক্তির সৃষ্টি বিএনপিই করছে। এ সংকট শুরুর ২০ দিন পর দলটির নেতারা কঙ্বাজারে গেছেন। যাওয়ার আগে স্থানীয় প্রশাসন কিংবা সরকারের কোনো পর্যায়ে যোগাযোগ করেননি। কেবল মিডিয়াকে জানিয়ে গেছেন। প্রতিনিধি দলের চীন সফরে রোহিঙ্গা সংকট সমাধানে দেশটিকে পাশে পেতে আলোচনা হবে কি-না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অবশ্যই আলোচনা হবে। আর চীন বিষয়টি অস্বীকারও করেনি। মিয়ানমারের পক্ষে রাশিয়ার বিবৃতির বিষয়ে তিনি বলেন, এ নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি। সবার যেন আস্থা থাকে, সেজন্য ত্রাণ বিতরণ ও অন্যান্য কাজে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
এর আগে বৈঠকে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) ফারুক খান, ডা. দীপু মনি, ড. শাম্মী আহমেদ, অ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, শামসুন নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।




















