শ্যামলবাংলা ডেস্ক : ভারতের চেন্নাইয়ে চোখের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে। ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্দিকুরকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বিমানবন্দরের পথে নেওয়া হয়।
ওই সময় সাংবাদিকদের সিদ্দিকুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমি যেন চোখে দৃষ্টি ফিরে পাই। আমার প্রথম আর্জি, দেশে এসে যেন প্রধানমন্ত্রীকে দেখতে পারি।
সিদ্দিকুরের ভাই নওয়াব আলী এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন তার সঙ্গে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় তাকে চেন্নাাই নেওয়া হচ্ছে।
ডা. মেনন সাংবাদিকদের জানান, চেন্নাইয়ের উদ্দেশে বেলা ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
গত ২০ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেন। তাদের অবস্থানের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ছোড়ে। পুলিশের টিয়ার শেলের আঘাত লাগে সিদ্দিকুরের দুই চোখে। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের একজন সদস্য দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ছেন। তার পরপরই মাটিতে পড়ে যান সিদ্দিকুর। রাস্তার ওই স্থানটি রক্তে লাল হয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২শ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর স্নাতক শেষে সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ওইদিন আন্দোলনে অংশ নিয়ে তার এই করুণ পরিণতি। আর এ ঘটনায় তীব্র সমালোচনায় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সব জায়গায়।



















