শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর হাতে সাবিনা (২০) নামের এক গৃহবধূ খুন হওয়ার ঘটনায় ঘাতক স্বামী সুন্দর আলীসহ ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত সাবিনার বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে শ্রীবরদী থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। শ্রীবরদী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রাম থেকে ওই হত্যা মামলার এজাহারভূক্ত আসামী নিহত সাবিনার দেবর পুরান শ্রীবরদী গ্রামের মফিজল হকের ছেলে সুজন মিয়া (২৮) ও পুরান শ্রীবরদী গ্রামের ফজর আলীর ছেলে আবু বক্কর (৪৫) কে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আক্তারুজ্জামান বলেন গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড প্রার্থনা করা হবে। এ মামলার প্রধান আসামী সহ বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য শ্রীবরদী উপজেলার পুরান শ্রীবরদী গ্রামের মফিজল হকের ছেলে সুন্দর আলীর সাথে প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার শেখেরচর পূর্বপাড়া গ্রামের ভটটু মিয়ার মেয়ে সাবিনার বিয়ে হয়। নিহত সাবিনার ভাই রহিম উদ্দিন ও বোন সাজনি বেগম জানান, বিয়ের পর সাবিনার সুখের জন্যে তারা ৫০ হাজার টাকা যৌতুক দেয়। এর পর আরো টাকা দাবি করে সুন্দর আলী মাঝে মধ্যেই তাকে মারপীট করতো। রবিবার দিবাগত রাতে সুন্দর আলী তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর ওই বাড়ির লোকজন গা ঢাকা দেয়।









