শ্যামলবাংলা ডেস্ক ॥ দেশের হাওর, পাহাড় ও দ্বীপাঞ্চলে আবাসিক শিক্ষার ব্যবস্থা গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ৪ মে বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৭ এর ফলাফল গ্রহণকালে ওই ঘোষণা দেন। ওইসময় তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দেওয়া ওই ফলাফল গ্রহণ করেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষা জাতির জন্য একান্ত অপরিহার্য। তাছাড়া দারিদ্র বিমোচনে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সরকার শিক্ষার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তাতে শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না। তিনি বলেন, হাওর, পাহাড়ি ও দ্বীপ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে দূরে। ছোট ছোট ছেলে-মেয়েদের পায়ে হেটে ওইসব স্কুলে যেতে হয়। হাওর অঞ্চলে পানির জন্য খুব কষ্ট করে শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। তা ছাড়া বৃষ্টি বাদলের দিনে তারা স্কুলে যেতে পারে না। এতে তাদের পড়াশোনায় ক্ষতি হয়। পাহাড়ি এবং দ্বীপাঞ্চলেও অনুরূপ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুদের অনেকেই প্রতিবন্ধি। তারাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকে বাবা-মাসহ সকলকে খেয়াল রাখতে হবে। প্রতিবন্ধি ও অটিস্টিক শিশুদের জন্য আলাদা লেখা পড়ার ব্যবস্থা আছে। এমনকি তাদের চাকরির ক্ষেত্রেও আলাদা কোটা ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। সারা বিশ্বে আজ প্রতিযোগিতা চলছে। মেধার দিক থেকে আমাদের ছেলে-মেয়েরা কোনো অংশেই কম নয়।
শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতায় টিকতে পারে এ জন্য তাদের পড়াশোনার দিকে নজর দিতে প্রত্যেক অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই ফ্রি দিচ্ছে। এ ছাড়া মেধাবীদের বৃত্তি দিচ্ছে। শুধু এ ক্ষেত্রেই নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সরকার বৃত্তির ব্যবস্থা করছে।
এর আগে প্রধানমন্ত্রীর সামনে ফলাফলের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এরপর ৮ বোর্ডের চেয়ারম্যানগণ স্ব-স্ব বোর্ডের ফলাফল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।
এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স হয় শেরপুর ও সাতক্ষীরা জেলার।




















